সাবমিট
ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না বলে জানিয়েছে ডিএমপি। ডিএমপি বলছে, সরকারের কাছে তারা অনুমতি ও বাজেট—দুটিই চেয়েছিল, তবে সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ এবং অনুমতি কোনোটিই মেলেনি। তাই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, বরাদ্দ পেলে আবার ডাকবে।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পর থেকে রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের কাজে লাগানো হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব শিক্ষার্থীকে দৈনিক ভাতার ভিত্তিতে ডিএমপির ট্রাফিকে যুক্ত করা হয়।
ঢাকায় দুই শিফটে ৮৯৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করতেন। অন্তর্বর্তী সরকার তাদের চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কাজ করার অনুমতি দিয়েছিল।
কথা ছিল, পরবর্তী সময়ে নির্বাচিত সরকার অর্থ বরাদ্দ দিয়ে সময় বাড়াতে পারবে।
তবে ডিএমপি জানিয়েছে, অন্তর্বর্তী সরকার ৩০ জুন পর্যন্ত মেয়াদ ঠিক করে গেলেও অর্থ বরাদ্দ ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালের ৪ নভেম্বর পরীক্ষামূলকভাবে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করেন প্রশিক্ষণপ্রাপ্ত ২৪৬ জন শিক্ষার্থী। পর্যায়ক্রমে তাদের সংখ্যা দাঁড়ায় ১ হাজারে।
সর্বশেষ ৮৯৬ জন শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করতেন। তারা প্রতিদিন ৫০০ টাকা সম্মানীতে দুই শিফটে কাজ করতেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘সরকারের কাছে আমরা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনো বরাদ্দ পাইনি। তাই ১ মার্চ শিক্ষার্থীদের না করে দেওয়া হয়েছে।
বলা হয়েছে, সরকারের অনুমতি ও বাজেট পেলে আবার তাদের ডাকা হবে।’ তবে ট্রাফিকে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের কয়েকজন জানান, জুন পর্যন্ত কাজ করার অনুমতি থাকলেও ডিএমপি তার আগেই তাদের বিদায় করে দিয়েছে। টাকা বরাদ্দ পেলে আবার ডাকবে বলে জানিয়েছে তারা।
এজেএ
বন্ধ হয়ে যাওয়া কারখানা চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো বিএনপি সরকার গঠনের ছয় মাসের মধ্যে চালু করা হবে।
শনিবার (১৪ মার্চ) ঢাকায় বেইলি রোডে শ্রমমন্ত্রীর সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএমজি ও নন-আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভায় তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, আমরা সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করে ফেলব।
জেএএ
‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, ভিলেনও সিয়াম
‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, ভিলেনও সিয়াম
বিনোদন
শেয়ার করুন:
অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রেলারে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ট্রেলারের শুরুতেই দেখা যায় উত্তেজনাপূর্ণ কিছু দৃশ্য- কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব, যেখানে মানবিকতা আর ভয়াবহতার মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে গল্পটি।
অন্যদিকে এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ট্রেলারে তাকে দেখা গেছে ভিন্নধর্মী এক চরিত্রে, যেখানে রহস্যময়তার পাশাপাশি রয়েছে আবেগের ছাপও।
তবে ট্রেলারের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এসেছে একেবারে শেষ দিকে। কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যায় টাক মাথা, শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার ইশারা, হাঁটার ভঙ্গি আর উপস্থিতিই যেন পুরো ট্রেলারের আবহকে আরও ভয়ংকর করে তোলে। কিন্তু কে এই অভিনেতা- সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের মনে।
ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শকরা নানা জল্পনা-কল্পনায় মেতে উঠেছেন। কেউ বলছেন এটি নতুন কোনো মুখ, আবার কেউ মনে করছেন পরিচিত কোনো অভিনেতাকে সম্পূর্ণ ভিন্ন লুকে হাজির করা হয়েছে।
নির্মাতারা এখনো এ বিষয়ে মুখ খোলেননি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে চমকপ্রদ খবর হলো, রহস্যময় সেই ভিলেন আর কেউ নন, সিয়াম আহমেদই। প্রস্থেটিক মেকআপ দিয়ে একদমই অন্যরকমভাবে পর্দায় হাজির করা হচ্ছে তাকে, এমনটাই নিশ্চিত হওয়া গেছে একাধিক ঘনিষ্ট সূত্রে।
জানা গেছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে অর্থাৎ গল্পের নায়কও সিয়াম, মূল খলনায়কও সিয়াম। ট্রেলারের শেষের দিকে সেই রহস্যময় ভিলেন ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে চলে এসেছেন। এখন দেখার বিষয়- বড় পর্দায় সেই ‘রাক্ষস’-এর আসল চেহারা কেমনভাবে উন্মোচিত হয়।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন, থ্রিল ও রহস্যে মোড়া ‘রাক্ষস’ ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। এতে সিয়াম, সুস্মিতা চ্যাটার্জি ছাড়া আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল, সাদনিমা নোমান, বলিউডের শাতাফ ফিগার, কলকাতার জিল্লু ওরফে শ্যাম ভট্টাচার্য্য প্রমুখ। সিনেমাটি আগামীকাল রবিবার সেন্সরের জন্য সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলে জানা গেছে।
এজেএ
পলিথিন-প্লাস্টিক বন্ধে পদক্ষেপ নিবে সরকার : পাট প্রতিমন্ত্রী
পলিথিন ও প্লাস্টিক বন্ধে বিএনপি নেতৃত্বাধীন সরকার দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্মীয়মাণ একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ২০০১ সালে বিএনপি সরকার দেশে পলিথিন নিষিদ্ধ করেছিল। এরই ধারাবাহিকতায় প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে চট ও পাটজাত পণ্য ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
এ ছাড়া আন্তঃমন্ত্রণালয়ের মিটিংসহ দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে চট ও পাটের পণ্য ব্যবহারে পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে দেশে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সোনালী আঁশ পাট এবং এটা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, যার মাধ্যমে একসময় বাংলাদেশ পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এটা অনেকটা পিছিয়ে গেছে।
দ্রুততম সময়ের মধ্যে পাটের উৎপাদন বৃদ্ধি, পাটের বীজের মানোন্নয়ন এবং বন্ধ মিলগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়গুলো বিএনপির পরিকল্পনায় রয়েছে এবং তারা সেগুলো বাস্তবায়ন করবে বলে তিনি জানান।
এ ছাড়া প্লাস্টিক ও পলিথিনের পণ্যের বিরুদ্ধে শুধু স্থানীয় পর্যায় নয়, বরং এ বিষয়ে সব ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শরীফুল আলম।
এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচীব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২৫ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউশন ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
জেএএ
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (১২ মার্চ) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, গত ৫ মার্চ জারি করা স্মারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হলো।
এর আগে ৮ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ জন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজনের কথা বলা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্ধারিত প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে প্রশিক্ষণের আয়োজন করবেন বলেও নির্দেশনায় উল্লেখ ছিল।
নির্দেশনায় আরো বলা হয়েছিল, প্রশিক্ষণের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করতে হবে। এই পুলের সদস্যরা প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন নিয়মিত তদারকি করবেন।
তবে ম্যানুয়ালের বাইরে অন্য কোনো বিষয়ে কার্যক্রম সম্প্রসারণ করা যাবে না বলে সতর্ক করা হয়। প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্যও পুনরায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল।
জেএএ
ঈদের আগেই কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ঢল
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আগে-ভাগেই রওনা হচ্ছেন গ্রামের পথে। গতকালের মতো আজও শনিবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
১৭ মার্চ থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি।
কিন্তু শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে অনেকেই এখনই বাড়ির পথে। বিশেষ করে চাকরিজীবীরা আগে পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন, যেন ঈদের সময়টা কাটে আপনজনদের সঙ্গে নিশ্চিন্তে।
শনিবার সকাল থেকেই কমলাপুর স্টেশনজুড়ে ছিল ব্যস্ততার চিত্র। ট্রেন ধরতে যাত্রীদের অপেক্ষা, প্ল্যাটফরমে লাগেজ হাতে পরিবারগুলোর ব্যস্ততা সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপও কিছুটা বাড়তে থাকে। তবে স্বস্তির বিষয় ছিল, টিকিট কাটতে তেমন কোনো ঝামেলা হয়নি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
খুলনা যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ।
তার কণ্ঠে ছিল বাড়ি ফেরার আনন্দের ছোঁয়া। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ায় সহপাঠীদের অনেকেই আগেই বাড়ি চলে গেছে। আমি আজ যাচ্ছি। ভোগান্তি এড়াতেই একটু আগে-ভাগে রওনা দিচ্ছি। বাসের চেয়ে ট্রেনে যাতায়াত কিছুটা নিরাপদ বলেই মনে হয়।
পরিবারের সদস্যদের লালমনিরহাটগামী ট্রেনে তুলে দিতে স্টেশনে এসেছেন বেসরকারি চাকরিজীবী মারুফ কামাল। তিনি বলেন, সরকারি ছুটি শুরু হবে ১৭ মার্চ থেকে। তখন ভিড় ও ভোগান্তি বাড়তে পারে। তাই পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি।
বুড়িমারী এক্সপ্রেসের যাত্রী মনির আহমেদের চোখেমুখেও ছিল বাড়ি ফেরার আনন্দ। তিনি জানান, ঈদের আগে একটু বেশি ছুটি নিয়েছি। কারণ ঈদের পরপরই আবার ঢাকায় ফিরতে হবে। ছেলে-মেয়েদেরও বিদ্যালয় বন্ধ রয়েছে। তাই পুরো পরিবার নিয়েই গ্রামের উদ্দেশে রওনা হয়েছি।
এদিকে ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক রাখতে কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনের প্রবেশপথে দুই দফায় টিকিট পরীক্ষা করে যাত্রীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। বিনা টিকিটে কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আফতাব বলেন, ঈদ যাত্রা যাতে শৃঙ্খলাপূর্ণ থাকে, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কোনোভাবেই বিনা টিকিটে কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ জন্য প্রবেশমুখেই দুই ধাপে টিকিট পরীক্ষা করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে ৩০টি আন্তঃনগর ট্রেন। এসব ট্রেনে মোট আসন রয়েছে ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে রয়েছে ১৬ হাজার ১৯৪টি এবং পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে রয়েছে ১২ হাজার ৭৩২টি আসন।
এজেএ
২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। আজ শনিবারও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
জেএএ
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৈঠক রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভা শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে আরো বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।
সভায় প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস-সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়।
অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১)-এ ৯৭টি নোটিশ পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এজেএ
পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি
জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।তিনি বলেন, ‘গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না।’
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সেতুমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো।’
মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের কারণে দেশেও জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ওই নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছে।
এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাচ্ছে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারছে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছে।
গণপরিবহনের ক্ষেত্রে সরকারের নির্দেশনা পরিবর্তন হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা আসেনি।
জেএএ
ইরানের পাশে দাঁড়াল রাশিয়া ও চীন
প্রায় দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে ইরানের ঢাল হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন।
নিউইয়র্কে শুক্রবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এসময় বাধা হয়ে দাঁড়ায় মস্কো ও বেইজিং। বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলে তারা।
নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয় ওয়াশিংটন। এই আলোচনা রাশিয়া ও চীন ঠেকানোর চেষ্টা করলেও তা ভোটাভুটিতে ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত ১১-২ ভোটে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব পাস হয় এবং দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে। এসময় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে বিশ্বনিরাপত্তার স্বার্থে নেয়া এই কমিটির কার্যক্রমে বাধা দিচ্ছে।
এজেএ
এমবাপের মাঠে ফেরা নিয়ে রিয়াল কোচের মন্তব্য
সহসাই মাঠে ফেরা হচ্ছে না কিলিয়ান এমবাপের। হাঁটুর পুরোনো ইনজুরির কারণে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ দুটি করে ম্যাচে খেলতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড। আজ লা লিগায় এলচের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচেও এমবাপেকে পাবে না রিয়াল।
তার দলে না থাকার সময় যেন বেড়েই চলেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে সিটির বিপক্ষে ম্যাচে দলের সেরা তারকাকে একাদশে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল কোচ আলভারো আরবেলোয়া।
আগামী ১৮ মার্চ ম্যান সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে এমবাপের খেলা নিয়ে আলভারো বলেন, ‘প্রতিদিন এমবাপের অবস্থার উন্নতি হচ্ছে। তার সেরে ওঠার প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি, এটি তার উন্নতির ওপর নির্ভর করে। তবে আমি দেখছি, সে খুব ভালো করছে। আগামীকালকে (আজ) ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে আমি আশা করছি, ম্যানচেস্টার যাবে। আমরা আগামীকাল দেখব সে কেমন অনুভব করছে এবং রোববার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
প্রসঙ্গত, ঘরের মাঠে প্রথম লেগে ম্যান সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। ফিরতি লেগ প্রতিপক্ষের মাঠে হওয়ায় সতর্ক স্প্যানিশ ক্লাবটি।
এমবাপের চোট দুশ্চিন্তায় ফেলছে ফ্রান্সকেও। আর মাস তিনেক পরই শুরু হবে বিশ্বকাপ। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি, রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে হাঁটুর চোট নিয়েই বিশ্বকাপে যেতে পারেন-এমন আশঙ্কা করা হচ্ছে।
জেএএ
মারাঠি সাজে ঐতিহ্যের ছোঁয়ায় নজর কাড়লেন ভূমি
ভূমি পেডনেকর আবারও নজর কেড়েছেন তাঁর ঐতিহ্যবাহী সাজে। মাটা সম্মান ২০২৬ অনুষ্ঠানে পুরস্কার নিতে এসে তিনি নিজেকে তুলে ধরলেন একেবারে মারাঠি কন্যার রূপে যেখানে পোশাক, অলংকার ও সাজসজ্জায় স্পষ্ট ছিল আঞ্চলিক ঐতিহ্যের ছাপ।
এই অনুষ্ঠানে তিনি পরেছিলেন ঐতিহ্যবাহী পৈঠানি শাড়ি, যাতে ছিল সূক্ষ্ম ফুলেল নকশা। শাড়ির সঙ্গে তাঁর ব্লাউজটিও আলাদা নজর কেড়েছে জরি কাজ ও অলংকরণে তা ছিল বিশেষ আকর্ষণ।
গয়নার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সোনার হসলি, যার সঙ্গে মিলিয়ে ছিল মুক্তো ও ঐতিহ্যবাহী অলংকার। নাকে নথ, কানে দুল, হাতে চুড়ি, চুলের গয়না প্রতিটি উপাদানেই ছিল মারাঠি সাজের পূর্ণতা।
কপালে অর্ধচন্দ্রাকৃতির চন্দ্রকোর বিন্দি তাঁর লুককে আরও আলাদা মাত্রা দেয়। এই বিন্দিই পুরো সাজে অতীতের আবহ এনে দেয় বলে মনে করছেন অনেকেই।
চুলে মাঝখান সিঁথি করে খোঁপা, তার সঙ্গে হালকা কিন্তু পরিমিত মেকআপ সব মিলিয়ে ভূমির সাজে ছিল ঐতিহ্য ও আধুনিকতার ভারসাম্য।
সম্প্রতি দলদল–এ অভিনয়ের জন্য তিনি বিশেষ প্রশংসা পেয়েছেন। সেই সাফল্যের মঞ্চেই নিজের সাংস্কৃতিক শিকড়কে সামনে এনে আলাদা বার্তা দিলেন অভিনেত্রী।
এজেএ
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশন কতোদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কতো ঘণ্টা আলোচনা হবে- সেসব নিয়ে বৈঠকে কথা হয়েছে।
তিনি জানান, ১৫ মার্চ অধিবেশনের পর মুলতবি হয়ে ঈদের পর ২৯ মার্চ ফের সংসদ অধিবেশন বসবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন চালু থাকবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাইয়ের পর রিপোর্ট আকারে সংসদে উত্থাপন হবে।
এজেএ
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তবে সভার কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত জানা যায়নি।
জেএএ
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জ্বালানি খাতকে সরকার নিজেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ বছর পর এদেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করব।
দেশের জ্বালানি খাতে বিগত সরকারের আমলে সীমাহীন দুর্নীতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে ঝুঁকির মধ্যে পড়েছে বাংলাদেশ। বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল, যার ফল আমরা পাচ্ছি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকারের আগামী ১৮০দিনের কর্ম পরিকল্পনার মধ্যেই ৮২ মিলিয়ন গ্যাস বা তারও অধিক গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বর্তমান সরকার বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় বলেও জানান তিনি।
উল্লেখ্য, এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস। এ নিয়ে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
এজেএ
শাকিবের ‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ -র মুক্তির কাজ এখন প্রায় শেষ পর্যায়ের দিকে। শুটিং ও সম্পাদনা নিয়ে ব্যস্ততার মাঝে সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে- এমনটাই খবর পাওয়া গেল।
গত কয়েক বছর ধরে ঈদে শাকিব খানের সিনেমা নিয়ে শেষ মুহূর্তে তাড়াহুড়ার ঘটনা নতুন নয়। ঈদের মাত্র সপ্তাহখানেক বাকি থাকলেও গুঞ্জন ছিল সিনেমার শুটিং এখনও শেষ হয়নি। দর্শকদের অনেকে শঙ্কাও প্রকাশ করেছেন- মুক্তির সময় বিপত্তিতে পড়বে কি না সিনেমাটি।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলে আশ্বস্ত করে নতুন খবর দিয়েছেন প্রযোজক শিরিন সুলতানা। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, সিনেমাটি ইতোমধ্যে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই ছাড়পত্র মিলবে বলে আশা করছেন তিনি।
গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে ‘প্রিন্স’-এর টিজার। ১ মিনিট ২৯ সেকেন্ডের এই ঝলককে নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’। টিজারে শাকিব খানকে একজন দুর্ধর্ষ গ্যাংস্টার রূপে দেখা গেছে। লম্বা ব্রাউনি চুল, দাড়ি আর অ্যাকশন মুডে দুই হাতে বন্দুক চালিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা গেছে তাকে। টিজারের শেষে শাকিবের মুখে শোনা যায় এক কড়া সংলাপ- ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’
টিজারে শাকিবের দুটি ভিন্ন লুকের পাশাপাশি নজর কেড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়াও দেখা মিলেছে দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে প্রমুখ। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এজেএ
হোয়াটসঅ্যাপে নাবালক সন্তানের চ্যাটে নজর চালাতে পারবেন বাবা-মা! কীভাবে ?
এক সময় স্কুলজীবন পার না করলে হাতে মোবাইল ফোন পাওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু প্রযুক্তির বিস্তার আর অনলাইন পড়াশোনার কারণে এখন ছোট বয়সেই অনেক শিশুর হাতে পৌঁছে যাচ্ছে স্মার্টফোন। পড়াশোনা বা যোগাযোগের জন্য তাদের ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন মেসেজিং অ্যাপ।
তবে অল্প বয়সে এসব প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে অনেক সময় শিশুরা অজান্তেই অনুপযুক্ত কনটেন্ট বা অনিরাপদ যোগাযোগের ঝুঁকিতে পড়ে। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন অভিভাবকেরা।
এই সমস্যার সমাধানে নতুন একটি সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অভিভাবকেরা সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। অর্থাৎ সন্তানের মেসেজিং কার্যক্রম সম্পর্কে নজর রাখা এবং প্রয়োজন অনুযায়ী সেটিংস পরিবর্তনের সুযোগ থাকবে তাদের হাতে।
এই বিশেষ ধরনের অ্যাকাউন্টে কিছু ফিচার সীমিত রাখা হয়েছে। যেমন চ্যানেল, স্ট্যাটাস আপডেট বা মেটার এআই সুবিধা এখানে থাকবে না। এছাড়া ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ বা ‘ভিউ ওয়ান্স’ ধরনের অপশনও ব্যবহার করা যাবে না। মূলত নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার জন্য এখানে কেবল ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপে মেসেজ পাঠানোর সুযোগ রাখা হয়েছে।
অভিভাবকরা চাইলে খুব সহজেই সন্তানের এই অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। এজন্য বাবা-মায়ের ফোন এবং সন্তানের ফোন একসঙ্গে রাখতে হবে। এরপর নিজের অ্যাকাউন্ট থেকে সন্তানের ডিভাইসে থাকা একটি কিউআর কোড স্ক্যান করলে দুটি অ্যাকাউন্ট একসঙ্গে যুক্ত হয়ে যাবে। এতে অভিভাবক সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর নজর রাখতে পারবেন এবং প্রয়োজন হলে পিন বা প্রাইভেসি সেটিংসও পরিবর্তন করতে পারবেন।
তবে সন্তান নির্দিষ্ট বয়স পার করার পর এই নিয়ন্ত্রণ স্থায়ীভাবে থাকবে না। যখন ব্যবহারকারীর বয়স নির্ধারিত সীমা অতিক্রম করবে, তখন অ্যাকাউন্টকে সাধারণ ব্যবহারের জন্য রূপান্তর করার একটি নোটিফিকেশন পাঠানো হবে। সেই পরিবর্তনে সম্মতি দেওয়ার জন্য অভিভাবকদের একটি নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হবে।
এই নতুন উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য অনলাইন যোগাযোগকে আরও নিরাপদ করার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ। এতে একদিকে যেমন বাচ্চারা প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবে, অন্যদিকে অভিভাবকেরাও তাদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারবেন।
এজেএ
সবার আগে দেশ, তদবির নয় ত্যাগীরাই মূল্যায়ন পাবে: হুমাম কাদের
রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, রাজনীতি মানুষের সেবার জন্য। আমাদের নীতি হবে ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। দীর্ঘ ১৭-১৮ বছর আমরা কেউ শান্তিতে ছিলাম না, অনেকের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়ার কাদের নগরে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। বক্তব্যে হুমাম কাদের চৌধুরী ছাত্রদল ও যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে অতীতের ত্যাগ ও ব্যবহার বিবেচনা করা হবে। কমিটিতে কোনো ‘তদবির বাণিজ্য’ চলবে না। যারা দীর্ঘদিন জান-প্রাণ দিয়ে দলের জন্য কাজ করেছেন, তারাই প্রাধান্য পাবেন।
তিনি বলেন, আমার কোনো আলাদা গ্রুপ নেই। আমার গ্রুপ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতা একজনই তারেক রহমান। প্রথমবার সংসদ সদস্য হিসেবে অধিবেশনে যোগদানের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পবিত্র রমজান মাসে সংসদের যাত্রা শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সংসদে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেছেন।
রাঙ্গুনিয়ার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আগামী পাঁচ বছর নয়, আজীবন রাঙ্গুনিয়ার মানুষের সুখ-দুঃখের পাশে থাকবো। দলকে আরও শক্তিশালী করতে একটি সাংগঠনিক প্রস্তাবও দেন তিনি। জানান, এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার দলীয় নেতাকর্মীদের নিয়ে সম্মিলিত বৈঠক আয়োজন করা হবে, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে নেওয়া হবে।
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে প্রতিটি কেন্দ্রের হিসাব রয়েছে। এই ফলাফলই বলে দেয় কে মাঠে কাজ করেছে আর কে করেনি। বিশেষ করে মা-বোনেরা যেভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তা প্রমাণ করে রাঙ্গুনিয়ায় একটাই দল খালেদা জিয়া ও তারেক রহমানের দল।
অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে তিনি তার পিতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আজ আমার বাবার জন্মদিন। স্বপ্ন ছিল তাকে সঙ্গে নিয়ে সংসদে যাবো। সশরীরে না পারলেও মনে তাকে ধারণ করি। আপনারা দোয়া করবেন, যেন সংসদে দাঁড়িয়ে রাঙ্গুনিয়ার মানুষের কথা বলতে পারি।
ইফতারের আগে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি দেশ, দেশের মানুষ এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার অনুরোধ জানান। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
জেএএ
নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ বাস্তবায়ন হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশে ৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছিলো, শেখ হাসিনা তা ভূলুণ্ঠিত করেছিলেন। কিন্তু এখন আবার তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, কোনো কোনো মহল মাত্রা অতিক্রম করে নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চান, তখন জাতি সতর্ক হয়ে যায়, আবারও অন্য কোনো মনোজগত প্রক্রিয়া ফিরে আসছে কিনা! এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
এজেএ
নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, আমি বলি লোভে: রাক্ষস
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বড় তারকাদের সিনেমার তালিকায় থাকা ‘রাক্ষস’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। এতদিন ছবিটির পোস্টার ও টিজার প্রকাশ না হলেও গত বৃহস্পতিবার ও শুক্রবার এক দিনের ব্যবধানে প্রকাশ পেয়েছে দুটো পোস্টার এবং একটি টিজার।
বৃহস্পতিবার প্রকাশিত প্রথম পোস্টারে দেখা যায়, চারপাশে রক্তাক্ত লাশের মাঝে একটি চেয়ারে কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন নায়ক সিয়াম আহমেদ। পোস্টারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।
পরদিন শুক্রবার দুপুরে প্রকাশিত দ্বিতীয় পোস্টারে সিয়ামের সঙ্গে দেখা যায় ছবির নায়িকা সুষ্মিতা চ্যাটার্জিকে। সেখানে সিয়ামকে রক্তমাখা চাপাতি হাতে নায়িকার গলায় ধরে থাকতে দেখা যায়, যা ছবির গল্পে উত্তেজনার ইঙ্গিত দেয়।
এদিন সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান রিয়াল এনার্জি প্রোডাকশনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ছবির টিজার। টিজার দেখে অনেকেই ধারণা করছেন, পরিচালক মেহেদি হাসানের প্রথম সিনেমা ‘বরবাদ’-এর মতো এটিও হতে পারে সহিংসতাপূর্ণ অ্যাকশনধর্মী একটি ছবি।
তবে প্রযোজক শাহরিন আক্তারের মতে, ‘রাক্ষস’ মূলত একটি ব্যতিক্রমধর্মী প্রেমের গল্প। তিনি জানান, অনেক দিন ধরেই বড় পর্দায় ভিন্ন ধরনের প্রেমের গল্প দেখা যাচ্ছে না। এই সিনেমায় একদিকে যেমন পাগলাটে প্রেমের গল্প রয়েছে, তেমনি রয়েছে পারিবারিক নাটকীয়তাও। প্রকাশ পাওয়া টিজারে সিয়ামকে বলতে শোনা যায়, 'নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়... না আমি বলি লোভে'।
ছবিটিতে একটি আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে। নির্মাতারা জানিয়েছেন, নাতালিয়ার উপস্থিতি ছাড়াও সিনেমায় আরও কয়েকটি চমক রয়েছে। খুব শিগগিরই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
এজেএ



















