
বই: ভালোবাসতে পারো আমায়
লেখক: তুহিন সুলতানা মুক্তি
ধরন: কবিতা
প্রকাশনা: ইছামতি প্রকাশনী
কবি তুহিন সুলতানা মুক্তির প্রথম কাব্যগ্রন্থ “ভালোবাসতে পারো আমায়”। জীবনটা আমাদের অনিশ্চিত। একমাত্র মৃত্যুই আমাদের জন্য অনিবার্য ঘটনা। বলতে দ্বিধা নেই, সহজ ভাষার বেশ ভাল কিছু কবিতা মনে দাগ কাটে। ‘মনের মিল’ কবিতার শুরুর চারটি লাইন- তোমাকে বুঝার ক্ষমতা আমার নেই, আমাকে বুঝার ক্ষমতা তোমার নেই, হৃদয় হৃদয়কে না বুঝার, কি অদ্ভুত মিল! ‘আলিঙ্গন’ কবিতার দুটি লাইন- আলিঙ্গন ইস্পাতের মতো কঠিন , মনকে ফুলের মতো কোমল করে তোলে।
কবিতা পড়তে পড়তে খেয়াল করলাম মোটামুটি চার ধরনের কবিতা রয়েছে বইটিতে। (১) প্রেম ও আকাঙ্ক্ষা, (২) অনুপস্থিতি ও বেদনা, (৩) বন্ধুত্ব ও মানবিক সম্পর্ক, এবং (৪) জীবনদর্শন। মানবজীবনের এই সম্পর্ক বা ঘটনাগুলো কবি তার আশেপাশের অভিজ্ঞতার আলোকে কবিতার অক্ষরে প্রকাশ করেছেন যা এক গভীর জীবনবোধকে ইঙ্গিত করেছে। আমার ধারনা, পাঠক/পাঠিকারা তাঁদের জীবনের অসংখ্য ঘটনাকেই এই বইটির পাতায় পাতায় খুঁজে পাবেন।
প্রসঙ্গত, উল্লেখযোগ্য দুটি কবিতা রয়েছে মা-কে নিয়ে। বলাই বাহুল্য, কবির নিজের মাকে উদ্দেশ্য করে যেন কথাগুলো বলা হচ্ছে। মায়েরা সন্তানদের বড় করে যখন বিদায় নেন, এরপরও তাঁরা তাঁদের সন্তানদের এক পরম মমতার আবেশে ছেয়ে রাখেন, তা এই দুটি কবিতা পড়লেই টের পাওয়া যায়।
আমার ব্যক্তিগত মতামত হলো কবিতাগুলো একবারে পড়ে শেষ না করে, কয়েকদিন সময় নিয়ে ধীরে ধীরে সেগুলোকে পাঠ করা কারণ, অসংখ্য কবিতার অনুভূতি রেশ কয়েকদিন মনে থাকে অনেক দিন। ছন্দ বা অলংকারের জটিল কাঠামোর চেয়ে আবেগের সরাসরি প্রকাশ বেশি গুরুত্ব পেয়েছে। ভাষা খুব সহজ এবং কথ্যধর্মী। ফলে সাধারণ পাঠকের জন্য বইটি সহজবোধ্য।
যারা কবিতা ভালবাসেন, অমর একুশে বইমেলা ২০২৬ এ কবি তুহিন সুলতানা মুক্তির ‘ভালোবাসতে পারো আমায়’ বইটি আপনার উইশলিস্টে থাকতে পারে। বইটি পাবেন বইমেলার "শব্দশিল্প" প্রকাশনীতে, স্টল নম্বর ৭২১, ৭২২, ৭২৩, ৭২৪।
রিভিউঃ ইয়াসির ইউনুছ, পিএইচডি গবেষক, ইংল্যান্ড
মন্তব্য করুন