শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

চিকিৎসাসেবায় শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিতের নির্দেশ এমপি বুলবুলের

এইচ. আর. নিরব, রাজশাহী ব্যুরো :
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
চিকিৎসাসেবায় শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিতের নির্দেশ এমপি বুলবুলের

চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের প্রতি হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনকালে তিনি সরেজমিনে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন। পরিদর্শনকালে রোগীরা চিকিৎসা গ্রহণে দেরি, দায়িত্বশীলদের অসহযোগিতা, প্রয়োজনীয় ওষুধ না পাওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ঘাটতির নানা অভিযোগ তুলে ধরেন। এসব শুনে এমপি বুলবুল হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

তিনি বলেন, 'জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হাসপাতালগুলোতে রোগীরা সেবা না পেলে তার দায়ভাগ আমাদেরই।' এ সময় তিনি চিকিৎসাসেবার মান উন্নত করতে নতুন নির্দেশনা প্রদান করেন। সেগুলোর মধ্যে রয়েছে, রোগী হয়রানি বন্ধ, পরিষেবা সহজীকরণ, হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, রোগীদের খাবার ও ওষুধ সরবরাহ বৃদ্ধির উদ্যোগ এবং সেবার মান মূল্যায়নে নিয়মিত মনিটরিং ব্যবস্থা।

এছাড়া হাসপাতালের চিকিৎসা কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। বিশেষ করে জরুরি বিভাগে প্রয়োজনীয় সরঞ্জাম বৃদ্ধির ওপর জোর দেন। রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও সহায়ক কর্মী নিয়োগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এমপি বুলবুল।

তিনি আরও বলেন, 'মানসম্মত সেবা নিশ্চিত করতে হলে প্রশাসন, চিকিৎসক, নার্স—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রোগীরা কষ্ট পাবে, এটা মেনে নেওয়া যায় না।' হাসপাতাল পরিদর্শনের সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সতর্ক করে বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। রোগীদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণেরও আশ্বাসও দেন তিনি।

এজেএ

মন্তব্য করুন