
সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কারও চাঁদাবাজি করার কোন সুযোগ নেই, সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রেলপথমন্ত্রী বলেন, রেল যোগাযোগ সম্প্রসারণ করার পাশাপাশি পর্যাপ্ত ইঞ্জিন এবং বগি বাড়িয়ে এ সেবাকে আরও উন্নত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শেখ রবিউল আলম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে সরকার।
ঈদ যাত্রায় স্বস্তি আনতে ঈদের ছুটি বাড়ানো যায় কিনা ও তৈরি পোশাক শিল্প কারখানায় আগেই ছুটি দেয়া যায় কিনা চিন্তা ভাবনা রয়েছে। আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী।
পরিবহনে চাঁদাবাজি: পরিবহনে চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণে সম্মতির ভিত্তিতে কিছু টাকা তোলেন। তবে কেউ যদি বাধ্য করে টাকা নেন সেটা চাঁদাবাজি এবং তেমন কিছু করার সুযোগ নেই। অনৈতিক সুবিধা নেয়ার কোনো সুযোগ দেয়া হবে না।
ঢাকার যানজট নিরসন: ঢাকার যানজট নিরসনে অন-স্ট্রিট পার্কিং বাতিলের প্রস্তাবটি বিবেচনা করা হবে। সিটি করপোরেশন যত্রতত্র পার্কিং ইজারা দিয়ে থাকলে তাদের ডেকে বাতিল করার কথা বলা হবে। এছাড়া ঈদের সময় গার্মেন্টসে দুই দিন আগে ছুটি দেয়ার প্রস্তাবটিও প্রধানমন্ত্রীর দপ্তর ও সংশ্লিষ্ট মালিকদের সাথে আলোচনার মাধ্যমে বিবেচনার আশ্বাস দেন তিনি।
মেট্রোরেল ও বিআরটি প্রজেক্ট: মেট্রোরেলের কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে এবং তা দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। বিআরটি প্রজেক্টের বিষয়ে বলা হয়েছে যে, এটি রাষ্ট্রবান্ধব হয়নি বরং কোনো গোষ্ঠী বা রাষ্ট্রের স্বার্থে নেয়া হয়েছিল। ১২-১৪ লেনের রাস্তার মাঝখানে দুটি লেন ব্যবহার করার নজির কোথাও নেই। এই প্রকল্প নিয়ে সরকার বা মন্ত্রণালয়ের তেমন আগ্রহ নেই। তবে ঋণের বিষয় ও আইনি জটিলতা থাকায় এটি বন্ধ করার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ও জটিল বলেও জানান তিনি।
রাজনৈতিক প্রভাব ও জনস্বার্থ: যেখানে জনস্বার্থ থাকে সেখানে দলীয় স্বার্থ নগণ্য-এ কথা জানিয়ে তিনি বলেন, অতীতে শ্রমিক সংগঠন বা ক্ষমতাসীন দলের আধিপত্য থাকলেও আগামীতে তা থাকবে না। সরকারপ্রধান আমাদের সততা ও কর্মতৎপরতার ওপর বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন। আমরা দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে মন্ত্রণালয় পরিচালনা করতে বদ্ধপরিকর। রাজনৈতিক নেতার ঊর্ধ্বে উঠে আমরা এখন রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ এবং সবার স্বার্থ সংরক্ষণ করাই আমাদের নীতি।
জেএএ
মন্তব্য করুন