মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩
শিরোনাম

ওপেনএআইয়ে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী এনভিডিয়া

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
ওপেনএআইয়ে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী এনভিডিয়া

বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের অন্যতম বৃহৎ সরবরাহকারী এনভিডিয়া ওপেনএআই–এ ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটির সম্ভাব্য বাজারমূল্য দাঁড়াতে পারে ৮৩০ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র জানায়, ওপেনএআই বর্তমানে ১০০ বিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহের লক্ষ্যে নতুন ফান্ডিং রাউন্ড পরিচালনা করছে। বার্তা সংস্থা রয়টার্স–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই রাউন্ডে সফটব্যাংক গ্রুপ ও অ্যামাজন–ও অংশ নিতে পারে।

প্রযুক্তি জায়ান্টদের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারে এ ধরনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত এআই সিস্টেম তৈরির প্রতিযোগিতায় চিপ নির্মাতা, ক্লাউড সেবা প্রদানকারী ও এআই মডেল ডেভেলপারদের মধ্যে আর্থিক ও প্রযুক্তিগত অংশীদারত্ব বাড়ছে।

ফিন্যান্সিয়াল টাইমস–এর তথ্য অনুযায়ী, নতুন এই বিনিয়োগ পরিকল্পনা গত সেপ্টেম্বরে ঘোষিত একটি পূর্ব প্রতিশ্রুতির বিকল্প হতে পারে। সে সময় এনভিডিয়া ওপেনএআইয়ের ডেটা সেন্টারে নিজেদের চিপ ব্যবহারে সহায়তার লক্ষ্যে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছিল।

পরিকল্পনা ছিল কয়েক বছরে ১০ কিস্তিতে ১০ বিলিয়ন ডলার করে বিনিয়োগের। বিনিময়ে ওপেনএআই ১০ গিগাওয়াট নতুন কম্পিউটিং সক্ষমতা স্থাপন এবং এনভিডিয়ার লাখ লাখ এআই প্রসেসর কেনার উদ্যোগ নেয়। তবে ওই চুক্তি আনুষ্ঠানিক রূপ পায়নি।

চলতি বছরের জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, এআই খাতে বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে চুক্তিটি কার্যত স্থগিত রয়েছে। বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শেয়ারবাজারে প্রায় ১৭ শতাংশ পতন হয়েছে, যা উচ্চ মূল্যায়ন ও অবকাঠামো ব্যয় নিয়ে উদ্বেগের প্রতিফলন।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা ও শীর্ষ এআই প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের অংশীদারত্ব বৈশ্বিক এআই অবকাঠামোর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বাজারের অস্থিরতা ও উচ্চ মূল্যায়নের প্রেক্ষাপটে চুক্তিটি কবে চূড়ান্ত হবে, তা এখনো অনিশ্চিত।

সূত্র: রয়টার্স জেএএ

মন্তব্য করুন