
অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির কিংবদন্তি মুসলিম ফুটবলার মেসুত ওজিল। এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা।
জানা গেছে, মানবিক কাজের লক্ষ্যে বুধবার বাংলাদেশে এসেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা। আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্পে থাকা মানুষদের সাথে সময় কাটাবেন তিনি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) যৌথভাবে ওজিলের বাংলাদেশ সফরের আয়োজনটি করেছে।
ওজিলের দুই দিনের বাংলাদেশ সফরে সাথে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের ছেলে বিলাল এরদোগানও।
এই সফরের অংশ হিসেবে মুসলিম এই মানবিক ফুটবলার রোহিঙ্গা শিশু ও পরিবারগুলোর সাথে কথা বলবেন এবং তাদের জীবনযাত্রা ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা নেবেন।
সংশ্লিষ্টরা জানান, আগামীকাল কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ইফতারে অংশ নেবেন ওজিল। পাশাপাশি তিনি শরণার্থী শিবিরের পরিবেশ, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা এবং শিশুদের প্রয়োজনীয়তা নিয়ে খোঁজখবর নেবেন।
এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি আরো গুরুত্ব পাবে বলে আশা করছেন অনেকে। সেই সাথে তার এই সফর শরণার্থীদের মনোবল বাড়াতে ভূমিকা রাখবে।
কক্সবাজারে যাওয়ার আগে ওজিলকে আজ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিক্যাল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধন করেন তিনি।
বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
এদিকে ঢাকায় তার আগমনকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ওজিলের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করছেন।
জেএএ
মন্তব্য করুন