
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে অপ্রত্যাশিত হার দেখেছে তারা। মার্টিন সাত্রিয়ানোর চোখধাঁধানো এক গোলে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে গেতাফে।
বিরতির আগেই দুর্দান্ত ভলিতে গোল করেন সাত্রিয়ানো। থিবো কোর্তোয়ার নাগালের বাইরে জালে জড়ানো সেই শট স্বাগতিকদের টানা দ্বিতীয় লিগ হারের মুখে ঠেলে দেয়।
হারের পর ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়েই থাকলো রিয়াল। দুই দলই সমান ম্যাচ খেলেছে।
চোটের কারণে আবারও দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ২০২৫ সালের শেষ দিকে বাঁ হাঁটুর লিগামেন্টের সমস্যায় ভুগছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচজুড়ে গেতাফের রক্ষণ ছিল দৃঢ়। গোলরক্ষক ডেভিড সোরিয়ার দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় রিয়ালের আক্রমণভাগ। সাত্রিয়ানোর গোলের আগে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র। শট নিলেও সোরিয়ার বাধায় গোল পাননি তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ মিনিটের মধ্যেই তিনটি পরিবর্তন আনেন কোচ আলভারো আরবেলোয়া। বদলি হওয়া খেলোয়াড়দের একজন ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।
তাতে বিরতির পর গতি বাড়ায় রিয়াল। তাতেও অবশ্য লাভ হয়নি। সুযোগ নষ্টের মহড়া চলতে থাকে। যোগ করা সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে রিয়ালের জন্য।
রেফারি আলেহান্দ্রো মুনিজ রুইসকে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে লাল কার্ড দেখেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। এর কিছুক্ষণ পর সময় নষ্টের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গেতাফের আদ্রিয়ান লিসো।
ইউ
মন্তব্য করুন