মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩
শিরোনাম

বর্ণবাদীদের কঠিন শাস্তি চান রিয়াল মাদ্রিদ কোচ

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম
বর্ণবাদীদের কঠিন শাস্তি চান রিয়াল মাদ্রিদ কোচ

পরদিন লা লিগার ম্যাচ। শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে যা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আগের দিন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার সংবাদ সম্মেলনের অনেকটা সময় জুড়ে রইল আগের ম্যাচ, ভিনিসিউস জুনিয়রের বর্ণবাদের শিকার হওয়ার প্রসঙ্গ। বেশ ঠাণ্ডা মাথায়, কিন্তু কঠিন মনোভাবে আরবেলোয়া বললেন, দোষীর কঠিন শাস্তি হওয়া উচিত।

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে গত মঙ্গলবার ভিনিসিউসের দুর্দান্ত এক গোলে বেনফিকার মাঠ থেকে জয় নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। তবে ওই দর্শনীয় গোল বা রিয়ালের জয় ছাপিয়ে জোর আলোচনা চলছে ম্যাচের পরের ঘটনাপ্রবাহ নিয়ে।

গোলের পর কর্নার স্ট্যান্ডের কাছে গিয়ে কোমর দুলিয়ে নেচে উদযাপন করেন ভিনিসিউস। গ্যালারির ওই প্রান্তে ছিলেন বেনফিকার সমর্থকরা।ওভাবে উদযাপনের জন্য হলুদ কার্ডও দেখতে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

এর পরপরই রেফারির কাছে গিয়ে জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ করেন ভিনিসিউস। তাদের অভিযোগে খেলা বন্ধ করে দেন রেফারি। খেলা বন্ধ থাকে ১১ মিনিটের মতো।

টিভি ফুটেজে দেখা যায়, মুখ দিয়ে জার্সি ঢেকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ান্নি। সেই কথা শুনেই জ্বলে ওঠেন ভিনিসিউস ও আশেপাশে থাকা তার সতীর্থরা। সেখানে ছিলেন এমবাপেও। ম্যাচের পর এই ফরাসি ফরোয়ার্ড জানান, জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিউসকে পাঁচবার ‘বানর’ বলেছেন প্রেস্তিয়ান্নি।

বেনফিকার এই আর্জেন্টাইন উইঙ্গারকে নিষিদ্ধ করার দাবি তোলেন ফরাসি এই ফরোয়ার্ড। এবার আরবেলোয়াও একইরকম দাবি জানালেন।ফুটবল থেকে বর্ণবাদ দূর করতে কঠিন পদক্ষেপ দেখতে চান তিনি।

বর্ণবাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে কী করা উচিত, এমন প্রশ্নে আরবেলোয়া বলেন, “এটা তো আমার হাতে নেই, উয়েফা কী করবে সেটাও জানি না। তবে আমার মতে, (দোষীর) শাস্তি হওয়া উচিত।”

“আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ। ফুটবল ঘিরে আবেগ কীভাবে মানুষের মনে আলোড়ন তোলে, আমরা জানি; তবে (বেনফিকার মাঠে) যা হয়েছে, তা মেনে নেওয়া যায় না।”

কয়েক বছর ধরেই বর্ণবাদের শিকার হয়ে আসছেন ভিনিসিউস। স্পেনেও তাকে উদ্দেশ করে বাজে সব মন্তব্য করা হয়ে থাকে। বারবার এমন সব ঘটনা তার ওপর বিরূপ প্রভাব পড়াটা অস্বাভাবিক নয়। তবে আরবেলোয়া জানালেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও এই তারকা উইঙ্গার এগিয়ে যেতে পারেন।

“ভিনিসিউস ম্যাচের ফল নির্ধারণ করছে, চমৎকার সব গোল করছে, দলকে সামনে এগিয়ে নিচ্ছে… এবং সে ভীত নয়। সেই দিনের মতো পরিস্থিতি সামলে সে এখনও এগিয়ে যেতে এবং মাঠে নামতে প্রস্তুত।”

“আমাদের সবাইকেই (মাঝেমধ্যে) অপমান করা হয়, দুর্ভাগ্যবশত; তবে গায়ের রংয়ের কারণে আমাকে কখনও অপমান করা হয়নি। আমি জানি না, এসব ঘটনার পরও সে যেভাবে মাঠে ফিরে আসে, আমি তেমন পারতাম কিনা। আমরা তার পাশে থাকব, তার জন্য লড়াই করব।”

লিগের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে শনিবার ওসাসুনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। টেবিলের দশম স্থানে থাকা দলটির মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।

২৪ রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা।

এজেএ

মন্তব্য করুন